ট্রেনের ধাক্কায় টেম্পো খাদে, দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কলিমাজানী রেল ক্রসিংয়ে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় টেম্পোর চালকসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কলিমাজানী গ্রামের আজগর আলীর ছেলে নয়া মিয়া (৩৫) ও সোহাগপাড়া গ্রামের টেম্পো চালক আবদুল মান্নান (৫০)। নিহত নয়া মিয়ার ভাগনি রাজাবাড়ি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রী স্বপ্না আক্তার টেম্পো থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কলিমাজানী থেকে একটি টেম্পো সোহাগপাড়া যাওয়ার জন্য ওই রেল ক্রসিং অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় টেম্পোর চালক কিছু বুঝে উঠার আগেই কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় টেম্পোটি দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান। আহত স্বপ্না স্থানীয় ক্লিনিকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী নয়াপাড়া গ্রামের বানেজ আলী ও গফুর মিয়া বলেন, টেম্পোটি রেল লাইনে ওঠার সঙ্গে সঙ্গে ট্রেনটি এসে টেম্পোটিকে ধাক্কা দেয়। এতে টেম্পোটি দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী প্রায় ২৫ ফুট নিচে খাদে পড়ে যায়। ওই স্থানে রেল গেট না থাকাতে দুর্ঘটনাটি ঘটেছে বলে তাঁরা উল্লেখ করেন।
মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।