ট্রেনের ধাক্কায় ট্রলির দুই যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনূরা ঘোষেরবাথান এলাকায় গতকাল মঙ্গলবার ট্রেনের ধাক্কায় একটি ট্রলির দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের মশিউর রহমান (৪০) ও ইনসাফ আলী (২২)।
আমনূরা স্টেশনের সহকারী মাস্টার শহীদুল ইসলাম ও রেলওয়ে পুলিশের হাবিলদার সাইফুল ইসলাম জানান, বেলা দেড়টার দিকে আমনূরা থেকে একটি পরীক্ষামূলক ট্রেন চাঁপাইনবাবগঞ্জ আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মশিউর ও ইনসাফ নিহত হন।
এ ছাড়া আহত ভুট্টু (৩৬), তৌফিকুল ইসলাম (২০), জিল্লুর রহমান (২৪), শিমুল (২০) ও রাসেল হোসেনকে (২৫) চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তৌফিকুল ও রাসেল জানান, তাঁরা রেললাইন মেরামত করে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনূরার দিকে যাচ্ছিলেন। আমনূরা জংশন থেকে আড়াই/তিন কিলোমিটার আগে কিছু বুঝে ওঠার আগেই ওই ট্রেনটি তাঁদের ট্রলিকে ধাক্কা দেয়। এতে ওই দুর্ঘটনা ঘটে।