ট্রেনের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী এলাকায় গতকাল শনিবার ট্রেনের ধাক্কায় ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল মারা গেছেন। তাঁর নাম মাহমুদুল আলম (৩০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে মহাখালীর পুলিশ বক্সের পেছনে রেললাইনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন মাহমুদুল। এ সময় কমলাপুরের দিক থেকে একটি ট্রেন আসতে দেখে তিনি সরে পাশের রেললাইন ঘেঁষে দাঁড়ান। কিন্তু ওই রেললাইন দিয়ে বনানীর দিক থেকে দ্রুতগতিতে আসছিল এগারসিন্দুর ট্রেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে কমলাপুর রেলওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।মহাখালী এলাকার ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইকবাল হোসেন বলেন, গতকাল বেলা দুইটা থেকে মহাখালী এলাকায় তাঁর দায়িত্ব থাকলেও তিনি সকালের দিকে পুলিশ বক্সে আসেন। এরপর মুঠোফোনে কথা বলতে বক্সের পেছনে রেললাইনে চলে যান। কিডনিজনিত সমস্যার কারণে মাহমুদুলের স্ত্রী ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ কারণে বেশ চিন্তাগ্রস্ত ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ওই ব্যাপারে খোঁজখবর নিতে পরিবারের কারও সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন মাহমুদুল।কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার কামাল বলেন, মাহমুদুলের গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। বাবা আলতাফ আলী। লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।