ট্রেনের ধাক্কায় তিন টেম্পোযাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ট্রেনের ধাক্কায় টেম্পোর তিন যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে জেলার কালিয়াকৈর উপজেলার বড়দল এলাকায় সোনাখালী রেলক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটে।নিহত টেম্পোযাত্রীরা হলেন কালিয়াকৈরের শেওড়াতলীর বাবুল মিয়া (৩৫), ডোবাইল এলাকার বিদ্বান (৩০) এবং অজ্ঞাতনামা নারী (৩৫)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ডোবাইল বাজার থেকে যাত্রী নিয়ে টেম্পোটি (ঢাকা মেট্রো প-০৫-৫৯৯) কালিয়াকৈর বাজারে যাচ্ছিল। ভোর ছয়টার দিকে সোনাখালী রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় টেম্পোটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই টেম্পোর তিন যাত্রীর মৃত্যু হয়। আহত হন পাঁচজন।আহত টেম্পোচালক ডোবাইল এলাকার রিপন মিয়া (২৫), যাত্রী শুকুর জান (৬০), লক্ষ্মণ চন্দ্র দাস (৪০) ও জীবনকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অপর যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।রেলক্রসিংয়ের পাশের সেলুন ব্যবসায়ী রঞ্জিত কুমার বলেন, রেলক্রসিং এলাকায় প্রায় রাতে ছিনতাই, ডাকাতি হয়। গেটম্যান হোসেন আলী ও সুব্রতকে ছিনতাইকারী ও ডাকাতেরা বেশ কয়েকবার হাত-পা বেঁধে মারধর করেছে। অন্যদিকে ছিনতাইকারী ও ডাকাতদের সহযোগিতা করার অভিযোগে এলাকাবাসীও তাঁদের মারধর করে। এ কারণে তাঁদের কারও রাতের পালায় দায়িত্ব পড়লে রাত ১০টা পর্যন্ত কাজ করে তাঁরা বাড়ি চলে যান। এর পর থেকে রেলগেট অরক্ষিত থাকে। যোগাযোগ করলে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ও টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দাদন মিয়া স্বীকার করেন, বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় ওই দুর্ঘটনা ঘটে।