ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের ধাক্কায় গতকাল রোববার বগুড়ার আদমদীঘি উপজেলায় দুই শিশু ও দুপচাঁচিয়ায় এক নারী এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভটভটিচালক নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দুপচাঁচিয়া (বগুড়া): উপজেলার তালোড়া দেবখণ্ড গ্রামের আহম্মেদ আলীর স্ত্রী কমেলা বিবি (৫৬) নামের এক নারী সকাল সাড়ে সাতটার দিকে গ্রামের কাছে গাড়িবেলঘরিয়া রেলক্রসিংয়ের পাশে পাতা কুড়াচ্ছিলেন। এ সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ টুয়েন্টি ওয়ান আপ ট্রেনটি তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
আদমদীঘি (বগুড়া): উপজেলার সুদিন মাসকাটা পাড়ার গোলাম রাব্বানীর দেড় বছরের মেয়ে রিমা ও প্রতিবেশী আব্দুল ওয়াহেদের দেড় বছরের ছেলে সাব্বির বিকেল সাড়ে চারটার দিকে রেল লাইনের পাশে তাদের মায়েদের সঙ্গে ছিল। একপর্যায়ে শিশু দুটি রেল লাইনের ওপর উঠে যায়। এ সময় ওই লাইন দিয়ে লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। দ্রুতগামী এ ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই রিমা মারা যায়। আহত অবস্থায় সাব্বিরকে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।
রেলওয়ে বোনারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, এ ব্যাপারে কেউ থানায় কিছু জানায়নি।
চাঁপাইনবাবগঞ্জ: নাচোল থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে চালক শফিকুল ইসলাম (৪০) ভটভটি নিয়ে নাচোল রেলস্টেশন-সংলগ্ন রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় রহনপুরগামী ট্রেনের ধাক্কায় সফিকুল ইসলাম আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বাসিন্দা ছিলেন।