ট্রেনের ধাক্কায় দুজন নিহত
ট্রেনের ধাক্কায় গতকাল রোববার সকালে দুজন নিহত হয়েছেন। পৃথক ঘটনা দুটি ঘটে খিলক্ষেত ও বনানী এলাকায়।
নিহত দুজনের মধ্যে একজনের নাম মিরনা আক্তার (৩০) বলে জানা গেলেও বনানীতে নিহত আনুমানিক ৪০ বছর বয়সী ব্যক্তির পরিচয় মেলেনি। রেলওয়ে পুলিশ বলছে, রেললাইন পার হওয়া বা রেললাইন ধরে চলার সময় অসতর্ক থাকা, মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন অতিক্রম করা, এসব কারণেই মূলত ইদানীং রেলে হতাহতের ঘটনা বাড়ছে। এর আগে গত শনিবার রাজধানীতে মুঠোফোন কানে নিয়ে রেললাইন ধরে যাওয়ার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র রেলের ধাক্কায় নিহত হন। এর আগে গত শুক্রবার এক শিশুকে বাঁচাতে গিয়ে নিহত হন রেলকর্মী বাদল মিয়া।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আলী আকবর প্রথম আলোকে বলেন, গতকাল সকাল নয়টার দিকে খিলক্ষেত রেলক্রসিংয়ে রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে নেত্রকোনাগামী মহুয়া এক্সপ্রেসের ধাক্কায় দিনমজুর মিরনা আক্তার আহত হন। এরপর লোকজন ধরাধরি করে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। মিরনা দিনমজুরের কাজ করতেন। তাঁর স্বামী খায়রুল ইসলামসহ অন্য স্বজনেরা এসে গতকাল লাশ নিয়ে গেছেন।
এর আগে গতকাল সকাল আটটার দিকে বনানীতে ট্রেনে কাটা পড়ে আরেক ব্যক্তি নিহত হন। এসআই আলী আকবর জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান।
যোগাযোগ করা হলে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার প্রথম আলোকে বলেন, মানুষ অসতর্ক হয়ে মুঠোফোনে কথা বলতে বলতে বা গান শুনতে শুনতে রেললাইন পার হচ্ছে। শনিবারও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছেন মুঠোফোন কানে নিয়ে রেললাইন পার হওয়ার সময়। এ ছাড়া সকালে বা রাতে অনেক সময় কুয়াশার কারণেও ট্রেন দেখতে না পেয়ে অনেক দুর্ঘটনা ঘটছে।