ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক

জামালপুরে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গেছে। ইজিবাইক থেকে লাফিয়ে পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীরা। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে জামালপুর পৌর শহরের রেলগেটপাড় লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
জামালপুর রেলস্টেশনের কর্মী এবং প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, বিকেল সাড়ে চারটার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন জামালপুর স্টেশনে ঢোকার কথা ছিল। একই সময় সরিষাবাড়ী থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনও জামালপুর স্টেশনে ঢোকার কথা ছিল। এ সময় জামালপুর স্টেশনের নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল রুম) থেকে প্রথমে লোকাল ট্রেনটিকে ঢোকার সংকেত দেওয়া হয়। কিন্তু পরমুহূর্তেই তিস্তা এক্সপ্রেসকেও ঢুকতে বলা হয়। পরের নির্দেশনাটি পাননি গেটপাড় লেভেল ক্রসিংয়ের গেটকিপার রমজান আলী। তিনি লোকাল ট্রেনের লাইনে যান চলাচল বন্ধ রেখে তিস্তার লাইন চালু রাখেন। ফলে তিস্তা স্টেশনে ঢুকতে গিয়ে লাইনের ওপর থাকা একটি ইজিবাইকে ট্রেনটি ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ইজিবাইকে থাকা যাত্রীরা লাফিয়ে পড়ে রক্ষা পায়।
রমজান আলী বলেন, তাঁর কোনো অপরাধ নেই। সরিষাবাড়ীর লাইনটি ক্লিয়ারের নির্দেশ তিনি স্টেশন থেকে পান। কিন্তু তিস্তা ট্রেনের দেওয়ানগঞ্জ লাইন ক্লিয়ারের নির্দেশ ছিল না। ফলে এই দুর্ঘটনা ঘটেছে।
জামালপুর রেলস্টেশনের মাস্টার মির্জা সামছুল আলমের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে স্টেশনেও গিয়েও তাঁকে পাওয়া যায়নি।