ট্রেনের ধাক্কায় নছিমনের দুই যাত্রী নিহত, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট রেলওয়ে বিভাগের লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দরগামী কমিউটার-৭১ আপ ট্রেনের ধাক্কায় নছিমনের দুই যাত্রী নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে পাটগ্রাম পৌর শহরের বাসস্ট্যান্ডের ১ নম্বর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিননগর গ্রামের সাহিদার রহমান (৪৮) ও একই উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে মজিদুল ইসলাম (১২)। এর মধ্যে সাহিদার রহমান ঘটনাস্থলে এবং মজিদুল ইসলাম রংপুর নেওয়ার পথে মারা যায়। গতকাল বৃহস্পতিবার সকালে সাহিদার রহমার ও মজিদুল ইসলামের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পাটগ্রামের স্টেশনমাস্টার উত্তম কুমার রায় বলেন, পয়েন্টম্যান ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ের গেটম্যান আকতার হোসেন সঠিকভাবে দায়িত্ব পালন না করায় এ দুর্ঘটনা ঘটেছে। এ কারণে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক বি এম মজুমদার আকতার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। এ ঘটনায় িচফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোস্তাফিজুর রহমানের নির্দেশে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী কমিউটার-৭১ আপ যাত্রীবাহী ট্রেনটি পাটগ্রাম রেলওয়ে স্টেশনের আউট সিগন্যালে ঢুকে পড়ে। এ সময় পাটগ্রাম বাজার থেকে পাঁচজন যাত্রী নিয়ে বাউরাগামী একটি নছিমন ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। সাহিদার রহমান ঘটনাস্থলেই মারা যান। অপর চার যাত্রী গুরুতর আহত হন।