ট্রেনের ধাক্কায় নিহত ১
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশনে আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আ. খালেক (৬২)। তিনি পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, খালেক চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রামে মেয়ের বাসায় কিছুদিন ছিলেন। মঙ্গলবার আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেন দিয়ে তিনি ভৈরবে ফেরেন। ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফর্মের ২ নম্বর লাইনে থামে। খালেক ট্রেন থেকে নেমে উড়ালসেতু ব্যবহার না করে ১ নম্বর লাইনের ওপর দিয়ে বের হয়ে যেতে চেয়েছিলেন। তখন বিপরীত দিক থেকে ১ নম্বর লাইনে সুবর্ণ ট্রেনটি আসছিল। ওই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আ. খালেকের মেয়ে রোকসানা বেগম বলেন, ‘চিকিৎসা শেষে আমার বাবার আর বাড়ি ফেরা হলো না।’
রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান বলেন, নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের আবেদনের কারণে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।