ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের চার যাত্রী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে গতকাল শনিবার ট্রেনের ধাক্কায় এক শিশুসহ পিকআপ ভ্যানের চার যাত্রী আহত হয়েছেন। ওই সময় রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান সেখানে ছিলেন না।
আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন পিকআপ ভ্যানের চালক ফরিদুল ইসলাম (৩৫), যাত্রী রাশেদুল ইসলাম (৩০), মাইদুল ইসলাম (৩৮) ও জাহিদ হোসেন (১২)। তাঁদের সবার বাড়ি নওগাঁর কমলপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী দুজন জানান, গতকাল ভোরে একটি পিকআপ ভ্যান নওগাঁ থেকে মাছ নিয়ে বদরগঞ্জে আসছিল। সকাল ছয়টার দিকে বদরগঞ্জ পৌর শহরের পকিহানী রেলগেট পার হওয়ার সময় পার্বতীপুর থেকে পাটগ্রামের উদ্দেশে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন পিকআপটিকে ধাক্কা দেয়।
এ ব্যাপারে রেলওয়ের বদরগঞ্জ স্টেশনমাস্টার সিদ্দিক আলী বলেন, রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনা তদন্ত করবেন।