ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের ৫ আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ পাঁচ আরোহী নিহত হয়েছেন। উপজেলার জামতলা মানিকদিহি রেলক্রসিংয়ে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন যশোরের কেশবপুর উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা সমতা ওয়ার্ল্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজাউল করিম (৩৫), প্রাইভেট কারের চালক আবদুল হাকিম, খতিয়াখালী গ্রামের জয়া রানী দাস (৭৫) এবং তাঁর নাতি বাঁধন দাস (১২) ও চয়ন দাস (১০)। রেজাউল করিম কেশবপুর উপজেলার পাচারই গ্রামের আবদুল কাদেরের ছেলে। আর চালক আবদুল হাকিম বায়সা গ্রামের বাসিন্দা।
এ দুর্ঘটনায় আহত জয়া রানীর মেয়ে দীপিকা রানী দাসকে (৪০) যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শ্বশুরবাড়ি যশোর সদর উপজেলার তীরের হাট গ্রামে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেছেন, সংস্থার কাজে রেজাউল করিম প্রাইভেট কারে করে যশোরে যাচ্ছিলেন। এ সময় তীরের হাট গ্রামে যেতে জয়া রানীসহ তাঁর পরিবারের চারজনও ওই গাড়িতে ওঠেন। কিন্তু গ্রামটির অদূরে মানিকদিহি জামতলা রেলক্রসিংয়ের ওপর উঠলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত বাকি তিনজনকে হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান।
রেলওয়ে পুলিশের যশোর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী মৃধা প্রথম আলোকে বলেন, ‘মানিকদিহির রেল ক্রসিংটা অরক্ষিত। সেখানে কোনো গেট নেই। রেলওয়ের কোনো লোককেও দায়িত্ব দেওয়া হয়নি। অসতর্কভাবে রেলক্রসিং পার হওয়ার সময় গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে।’
রেলওয়ের যশোর জংশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. বদরুজ্জামান বলেন, ‘মানিকদিহির ওই রেলক্রসিংটি “আনম্যান গেট”। যে কারণে সেখানে সাইনবোর্ড দিয়ে নিজ দায়িত্বে ক্রসিং পারাপারের জন্য বলা আছে।’