ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অগ্নিনির্বাপণ কর্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন থেকে নামার পরপরই আরেকটি ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন একজন অগ্নিনির্বাপণকর্মী। চাকরির পদোন্নতি পরীক্ষা দিতে তিনি সৈয়দপুর থেকে ঢাকায় এসেছিলেন। গতকাল শনিবার রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অগ্নিনির্বাপণকর্মীর নাম মো. আবু তাহের (৪১)। তাঁর বাড়ি দিনাজপুরের পার্বতীপুরের দেওয়াল সরদারপাড়ায়। ১৯৯৫ সালে ফায়ার সার্ভিসে যোগ দেওয়া আবু তাহের নীলফামারীর উত্তরা ইপিজেড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

এক ছেলে ও এক মেয়ের জনক আবু তাহের পরিবার নিয়ে সৈয়দপুরে থাকতেন।

উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘লিডার’ পদে পদোন্নতির পরীক্ষা দেওয়ার জন্য মিরপুরের ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারে এসেছিলেন তাহের। নামার পরপরই আরেকটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ৬টা ৫৭ মিনিটে আবু তাহরকে ধাক্কা দেয়।

নীলসাগর ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশনে থামে না। তাহলে তাহের কীভাবে সেখানে নামলেন? এই প্রশ্নের জবাবে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, ট্রেনের লাইন ব্যস্ত থাকার কারণে বা অন্য কোনো ট্রেনকে যাওয়ার সুযোগ করে দিতে হয়তো ট্রেনটি স্টেশনে থেমেছিল বা গতি ধীর করেছিল। সেই সুযোগে তিনি নেমেছিলেন।