ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বুয়েট শিক্ষার্থীর
মা-বাবার একমাত্র ছেলে তানভীর গওহর। পড়েন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থীর এক বছর পরে প্রকৌশলী হয়ে বের হওয়ার কথা ছিল। তাঁকে ঘিরে ছিল পরিবারের অনেক স্বপ্ন। কিন্তু ট্রেনের ধাক্কায় মুহূর্তেই নিভে গেল সব স্বপ্ন।
সরকারি রেলপথ থানার পুলিশ (জিআরপি) বলেছে, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাসা থেকে বেরিয়ে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট রেলক্রসিং পার হচ্ছিলেন তানভীর। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। প্রথমে তাঁকে মালিবাগের একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জিআরপি থানার ওসি আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, হেডফোন কানে লাগিয়ে তানভীর রেললাইন পার হচ্ছিলেন। এ সময় গাজীপুরের জয়দেবপুর থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মারা যান তানভীর।
খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তানভীরের বাবা মোহাম্মদ আলী গওহর। ছেলের লাশ ধরে তিনি কান্নায় ভেঙে পড়েন। তানভীরের বাবা বিলাপ করে বলেন, ‘টিওশনি করার জন্য সকালে বাসা থেকে বেরিয়েছিল তানভীর। কিন্তু ফিরল লাশ হয়ে।’
তানভীরের বাবা বলেন, ‘রেললাইনে কেন গেলি, জীবনটারে হারাইলি। কানের যন্ত্রটা খুলে ফেলতি, তাইলে তো মরন হতো না।’ এ সময় উপস্থিত স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। তানভীরের ছোট বোন তৃষা গওহর বলেন, ‘ভাই আমরা তোকে হারালাম, তোকে ছাড়া এখন কেমনে বাঁচব।’
রেলপথ থানার পুলিশ জানায়, আদালতের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই তানভীরের লাশ নিয়ে গেছেন স্বজনেরা। তাঁর লাশ কুমিল্লা সদর উপজেলার কালিয়াজুরিতে দাফন করা হবে বলে জানান স্বজনেরা।
তানভীর মা-বাবার সঙ্গে ১৭১ বড় মগবাজারে থাকতেন। এক ভাই এক বোনের মধ্যে তিনি বড়।