ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকেত অমান্য করে গতকাল বুধবার সকালে রাজধানীর খিলক্ষেতে মোটরসাইকেল নিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মারা গেছেন শাহ রওশন জামিল (৩৯) নামের এক ব্যক্তি।
ঢাকা রেলপথ থানার (জিআরপি) পুলিশ জানায়, সকাল নয়টার দিকে রওশন জামিল নামের ওই ব্যক্তি খিলক্ষেতের বনরূপা এলাকার রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করছিলেন। তখন ট্রেন যাওয়ার জন্য লেভেল ক্রসিং বার (প্রতিবন্ধক) নামানো ছিল। এ কারণে রেলক্রসিংয়ের দুই পাশের সব যানবাহন থেমে ছিল। কিন্তু রওশন জামিল হঠাৎ বার উঁচু করে মোটরসাইকেল নিয়ে রেললাইনের ওপর চলে যান। ঠিক তখনই কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের প্রচণ্ড ধাক্কায় মোটরসাইকেলসহ তিনি ছিটকে পড়েন। ট্রেন চলে যাওয়ার পর আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি খিলক্ষেতের লেকসিটি এলাকায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশায়। তাঁর বাবার নাম শাহ জাহাঙ্গীর আলম।
ঢাকা রেলপথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।