
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলক্রসিংয়ে গতকাল শুক্রবার ভোরে বরযাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এঁদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। আলাদা গাড়িতে থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পান বর তাপস বিশ্বাস ও কনে জোসনা বিশ্বাস।
বাসে থাকা বরযাত্রীদের একজন অসীম বিশ্বাস জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের স্কুলশিক্ষক তাপস বিশ্বাসের বিয়েতে তাঁরা ৮০ জনের মতো বরযাত্রী হিসেবে কালীগঞ্জ উপজেলার সাকো-মথনপুর গ্রামে যান। ওই গ্রামের সুবল বিশ্বাসের মেয়ে জোসনা বিশ্বাসের সঙ্গে তাপসের বিয়ে হয় গত বৃহস্পতিবার রাতে। রাত তিনটার দিকে তাঁরা ফুলহরির উদ্দেশে রওনা দেন। ভোর চারটার দিকে বাসটি বারোবাজার রেলক্রসিংয়ে ওঠামাত্র বিকট শব্দ হয়। তিনি বাসের ভেতরে থেকে বুঝতে পারেন, বাসটি রেললাইনের ওপর বারবার উল্টে যাচ্ছে। এভাবে কিছু সময় যাওয়ার পর বাসটি থেমে গেলে তিনি বেরিয়ে আসেন। এরপর তিনি চেতনা হারিয়ে ফেলেন।
মাইক্রোবাসে থাকা কনে জোসনা বিশ্বাস জানান, তাঁদের গাড়িটি বাসের পেছনে ছিল। বারোবাজারে আসার পর সামনে বিকট শব্দ শুনে তিনি দেখেন, বাসটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েছে। তাঁরা দ্রুত মাইক্রোবাস থেকে নামেন। এরই মধ্যে ট্রেনটি লাইনের ওপর দিয়ে বাসটিকে প্রায় ৫০০ গজ দূরে নিয়ে যায়। এ সময় যাত্রীদের আর্তনাদ শোনেন তাঁরা। পরে মুঠোফোনে বারোবাজারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা এসে আহতদের উদ্ধার শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধারকাজে যোগ দেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বারোবাজার রেলক্রসিং অতিক্রম করার সময় সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি বরযাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। বাসটি রেললাইনের ওপর আড়াআড়িভাবে পড়ে গেলে ট্রেনটি সেটিকে বেশ কিছু দূর ঠেলে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে নেওয়ার সময় মারা যান আরও দুজন। পরে ট্রেনটিও থেমে যায়। তিনি জানান, আহতদের উদ্ধার করে যশোর, ঝিনাইদহ, ফরিদপুর ও কালীগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন সুধীর কুমার (৪০), বিপ্লব কুমার বিশ্বাস (২৫), সুবল কুমার (২২), সুজয় বিশ্বাস (৩০), সঞ্জয় বিশ্বাস (৩৪), উজ্জ্বল বিশ্বাস (৩০), সঞ্জিত বিশ্বাস (৩২), শোভন বিশ্বাস (২১), কৃষ্ণা বিশ্বাস (২৫), বর্ণা বিশ্বাস (৩৫) ও কৌশিক বিশ্বাস (৮)। শেষ তিনজন একই পরিবারের সদস্য।
ওসি জানান, ট্রেন চলাচলের সময় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করতে রেলক্রসিংয়ে ‘প্রতিরোধক গেট’ রয়েছে। কিন্তু দুর্ঘটনার সময় গেট বন্ধ করা হয়নি। গেটম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনাস্থলের আশপাশে রেলওয়ের জায়গা দখল করে নানা স্থাপনা গড়ে তোলা হয়েছে। যে কারণে রেললাইনটির ওই জায়গা কিছুটা আড়াল হয়ে থাকে। ফলে ট্রেন এলেও দূর থেকে তা দেখা যায় না। এ কারণে এই রেলক্রসিংয়ে সব সময় দুর্ঘটনার ঝুঁকি থাকে।
রেলওয়ের (পশ্চিমাঞ্চল) মহাব্যবস্থাপক আবদুল আওয়াল জানান, দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে বারোবাজার রেলওয়ে স্টেশনের মাস্টার আবু সানিয়াত এবং ওই রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান হুমায়ুন কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তে রেলওয়ের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণে প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর বেলা সাড়ে ১১টার দিকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ঝিনাইদহের জেলা প্রশাসক শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন জাহানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মাছের বাজার আর অবৈধ স্থাপনা: প্রায় ৮০ বছর ধরে রেললাইনের ওপর বসছে মাছের বাজার। ব্যবসায়ীরা রেললাইনের দুই পাশে অবৈধ স্থাপনা নির্মাণ করায় বাইরে থেকে বোঝার উপায় নেই এখানে রেললাইন আছে। দূর থেকে ট্রেনের কিছুই দেখা যায় না। এমনকি রাতে ট্রেনের হেডলাইটও চোখে পড়ে না। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। প্রশাসন এসবের কিছুই দেখে না।
এলাকাবাসীর অভিযোগ, বাজারের কারণে দূর থেকে বাসের চালক ট্রেনের আলো দেখতে পাননি। এতেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরপর গতকাল সকালেই ওই মাছবাজারের অবৈধ দখলদারেরা তাঁদের দোকানের সামনে থেকে টিন খুলতে শুরু করেন। কিছু অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়। তবে দুর্ঘটনা এড়াতে অবৈধ বাজারটি শিগগির অন্যত্র সরিয়ে ফেলা জরুরি।
কয়েকজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর ব্যবসা করে আসছেন। ট্রেন আসার সময় তাঁরা বাঁশি বাজিয়ে সতর্ক করেন। এর আগেও ট্রেনে কাটা পড়ে কয়েকজন ব্যবসায়ীর মৃত্যু হয়। এর পরও অন্যত্র জায়গা না পেয়ে তাঁরা এখানে বসছেন। সাতক্ষীরার পর এটিই দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের বাজার। এখানে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার মণ মাছ কেনাবেচা হয়।
আশরাফুল ইসলাম নামের একজন মাছ ব্যবসায়ী বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে রেললাইনের দুই ধারের ৪৯ শতক জমি বন্দোবস্ত নেওয়া আছে। কিন্তু বাজারের কেনাবেচা ও ব্যবসায়ীদের সংখ্যা বেড়েছে। স্থান সংকুলান না হওয়ায় ব্যবসায়ীরা রেললাইনের ওপর বসতে বাধ্য হচ্ছেন। লাইনের দুই পাশের আড়তগুলোর পেছনে রয়েছে ব্যক্তিমালিকানাধীন জায়গা। যে কারণে আড়তগুলো পিছিয়ে নেওয়ারও সুযোগ নেই। এই আড়তে আসা লোকজন রেললাইনের ওপর দিয়ে চলাচল করেন।
বারোবাজার রেলস্টেশনের মাস্টার আবু সানিয়াত জানান, খুলনা থেকে ঈশ্বরদী পর্যন্ত ২০৪ কিলোমিটার রেললাইন রয়েছে। এটি দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগের একমাত্র লাইন। লাইনটি প্রায় সব সময় ব্যস্ত থাকে। এই লাইনের ওপর বাজার বসানোর কারণে দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা দেবপ্রসাদ পাল জানান, বিষয়টি তাঁরা দেখবেন। দখলদারদের উচ্ছেদ করা হবে।