ট্রেনের ধাক্কায় ফায়ারম্যান নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান আবু তাহের গত শনিবার ঢাকায় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। তিন দফা জানাজা শেষে গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরের সরদারপাড়ায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
আবু তাহের পদোন্নতি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ঢাকায় গেলে গত শনিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাঁকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুর খবর নীলফামারীর সৈয়দপুরে বাসায় পৌঁছালে তাঁর পরিবারে কান্নার রোল পড়ে যায়।
উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান রাশেদ বলেন, আবু তাহের ১৯৯৫ সালের ১৮ নভেম্বর চাকরিতে যোগদান করেন। চাকরির পাশাপাশি তিনি অবসর সময়ে মোড়া তৈরি করে বাড়তি আয় করতেন।