ট্রেনের ধাক্কায় বাবা-মেয়েসহ প্রাণ গেল ৩ জনের
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রিলিফ ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বাবা ও কন্যা শিশুসহ তিনজন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন ওই শিশুর মা। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মাদামবিবির হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুজন হলেন আবুল কাশেম (৪৮) ও তাঁর চার মাস বয়সী মেয়ে সুমা আক্তার। নিহত অপর জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ওই শিশুর মায়ের নাম রোকেয়া বেগম (৪০)। তাঁকে প্রথমে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত রোকেয়ার ভাই জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, তাঁর দুলাভাই ও ভাগনি ট্রেনের ধাক্কায় মারা গেছে। আর তাঁর বোনকে চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাটিয়ারি রেলস্টেশন মাস্টার আরমান হোসেন বলেন, সন্ধ্যায় চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি মাদামবিবির হাট এলাকায় বিকল হয়ে যায়। সেই ট্রেন টেনে আনার জন্য রিলিফ ট্রেনটি গিয়েছিল।
সীতাকুণ্ডের রেলপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একজনের লাশ আমরা পেয়েছি। অপর বাকি দুজনের লাশ স্বজনেরা নিয়ে গেছেন।