ট্রেনের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রেনের ধাক্কায় সান্ত্বনা বসাক (১৯) নামের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে ক্যাম্পাসের চারুকলা ইনস্টিটিউট এলাকার রেলক্রসিংয়ের কাছে এই ঘটনা ঘটে।
নিহত সান্ত্বনা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রোকেয়া হলের আবাসিক ছাত্রী। সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর গ্রামের নরেন্দ্রনাথ বসাকের মেয়ে তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে সান্ত্বনা চারুকলা ইনস্টিটিউট এলাকার রেললাইনের পাশে মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় সান্ত্বনাকে স্থানীয় লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে বিকেল পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আবদুল ওয়াহিদ বলেন, বিকেলে গুরুতর আহত অবস্থায় সান্ত্বনাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সভাপতি ছাদেকুল আরেফিন মাতিন বলেন, ‘খবর পেয়ে দ্রুত হাসপাতালে এসেছি। তাঁর লাশ মর্গে আছে। বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা আসলে লাশ হস্তান্তর করা হবে।’