ট্রেনের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর কুড়িল বিশ্বরোডে গতকাল বুধবার দুপুরে ট্রেনের ধাক্কায় ইশমাম তাহমিদ ওরফে তিশান (২৩) নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা একটার দিকে কুড়িল রেলগেট পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন ইশমাম। এরপর পথচারীরা তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
রেলপুলিশের এসআই আলী আকবর বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইশমামের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বজনেরা জানান, ইশমামের বাবার নাম মো. ইব্রাহিম। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর ইব্রাহিমপুরে থাকতেন। এক ভাই ও এক বোনের মধ্যে ইশমাম বড়। তিনি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি একটি কলসেন্টারে খণ্ডকালীন কাজ করতেন। গতকাল রামপুরায় তাঁর এক বন্ধুর বাসায় যাওয়ার কথা ছিল। সে জন্য তিনি কুড়িল বিশ্বরোডে বাস থেকে নেমে রেললাইন পার হচ্ছিলেন। ইশমামের মৃত্যুর খবর পেয়ে সহপাঠীরা হাসপাতালে যান। এরপর তাঁর মরদেহ ইব্রাহিমপুরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তেজগাঁওয়ে রহিম স্টিল জামে মসজিদে জানাজা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে মরদেহ দাফন করা হয়।