ট্রেনের ধাক্কায় মা-মেয়ে নিহত
সিরাজগঞ্জের সদর উপজেলার মুলিবাড়ীতে ট্রেনের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে মুলিবাড়ীতে ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
মা মুক্তি খাতুন (২৭) ও তাঁর সাত মাস বয়সী মেয়ে সাদিয়া খাতুনের বাড়ি সিরাজগঞ্জ শহরের কোল গয়লা মহল্লায়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আজ দুপুর একটা ৫০ মিনিটের দিকে মুক্তি তাঁর মেয়ে সাদিয়াকে নিয়ে মুলিবাড়ী রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ওই রেললাইন দিয়ে যাওয়া ঢাকা থেকে রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে মা-মেয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।
ওসি জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে বিভাগের কর্মকর্তা মো. আশরাফ আলী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেন।