ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, মেয়ে আহত
রাজধানীর খিলক্ষেত থানার কাছে রেলক্রসিংয়ে গতকাল বুধবার ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিক রিমা আক্তার (২০) নিহত ও তাঁর চার বছরের মেয়ে তাসলিমা আক্তার আহত হয়েছে। তাসলিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার পুলিশ (জিআরপি) ও হাসপাতাল সূত্র জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে রিমা তাঁর মেয়েকে নিয়ে খিলক্ষেত থানার কাছের রেললাইন পার হচ্ছিলেন। কিন্তু তাঁরা রেললাইন পার হওয়ার আগেই ট্রেন এসে পড়ে। ট্রেনের ধাক্কায় তাঁরা রেললাইনের পাশে ছিটকে পড়েন। এতে রিমা ঘটনাস্থলে মারা যান। তাঁর মেয়েকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তাসলিমার অবস্থা সংকটাপন্ন।
খবর পেয়ে হাসপাতালে যান রিমার মা মাহমুদা বেগম। সেখানে তিনি কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, রিমার স্বামী নুরুল ইসলাম দেড় বছর ধরে রিমা ও তাঁর মেয়ের খোঁজ নিচ্ছেন না। রিমা একমাত্র মেয়েকে নিয়ে কুড়িলের কুড়াতলিতে থাকতেন। তাঁদের গ্রামের বাড়ি ভোলা জেলার কাঁঠালিয়ায়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, রিমার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।