রাজধানীর মগবাজারে ওয়ারলেসগেট বস্তিসংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় মো. আমিনুল নামের চার বছরের এক শিশু মারা গেছে। প্রায় একই সময়ে এর কয়েক গজ দূরে ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে গিয়ে ইটের আঘাতে মারা গেছেন লাল মাহমুদ ভুট্টো (৪০) নামের আরও একজন। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল গুরুতর আহত অবস্থায় আমিনুল ও মাহমুদকে ঢাকা মেডিকেলে আনা হয়। সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাল মাহমুদ। আর রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমিনুল।
লাল মাহমুদের ভগ্নিপতি রেইজ উদ্দিন সাংবাদিকদের জানান, লাল মাহমুদ পরিবার নিয়ে মগবাজার ওয়ারলেসগেট বস্তিতে থাকতেন।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, ঘটনাস্থল ভিন্ন হলেও প্রায় একই সময়ে ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।