ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু, বাঁচতে গিয়ে মরলেন আরও একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেইট বস্তিসংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় মো. আমিনুল নামের চার বছরের এক শিশু মারা গেছে। প্রায় একই সময়ে এর কয়েক গজ দূরে ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে গিয়ে ইটের সঙ্গে আঘাত পেয়ে মারা গেছেন লাল মাহমুদ ভুট্টো (৪০) নামের আরও এক ব্যক্তি। আজ রোববার এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় আমিনুল ও মাহমুদকে ঢাকা মেডিকেলে আনা হয়। চিকিত্সাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে আর রাত নয়টার দিকে আমিনুল মারা যান।
লাল মাহমুদের ভগ্নিপতি রেইজ উদ্দিন সাংবাদিকদের জানান, লাল মাহমুদ পরিবার নিয়ে মগবাজার ওয়ারলেস গেইট বস্তিতে থাকতেন। আজ সকাল নয়টার দিকে তিনি রেললাইনের উপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেন তাঁর কাছাকাছি চলে আসে। তিনি পিছনের দিকে সরে যেতেই পা পিছলে পড়ে যান। এতে নিচে পড়ে থাকা ইটের সঙ্গে আঘাত পেলে গুরুতর আহত হন তিনি।
আমিনুলের মা আমেনা বেগম সাংবাদিকদের জানান, ওই সময় কমলাপুরগামী ট্রেনটি ছাড়াও টঙ্গীগামী আরেকটি ট্রেন যাচ্ছিল। সেখানে আমিনুল টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় আহত হয়। আমিনুলও পরিবারের সঙ্গে মগবাজার ওয়ারলেস গেইট বস্তিতে থাকত।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল ভিন্ন হলেও প্রায় একই সময় দুটি ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।