ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশন এলাকায় গত সোমবার বিকেলে ট্রেনের ধাক্কায় আবদুল লতিফ (৫০) নামের এক রেলশ্রমিক মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের লংলা এলাকায়। তিনি রেলওয়ে বিভাগে ‘কি-ম্যান’ (রেলপথ মেরামতকর্মী) পদে কাজ করতেন। রেলওয়ে কর্তৃপক্ষ ও রেলওয়ে (জিআরপি) থানা সূত্রে জানা গেছে, লতিফ বরমচাল রেলস্টেশনের ১ নম্বর লাইনে মেরামতকাজ করছিলেন। বিকেল চারটার দিকে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ওই স্টেশনে ঢোকার সময় তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা সাতটার দিকে লতিফ মারা যান। কুলাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।