ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এএসআইর আত্মহত্যা
জয়পুরহাট সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রশিদ (৩৩) শনিবার গভীর রাতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি পঞ্চগড় সদর উপজেলার বেলগাতি পতিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম জানান, দাম্পত্য কলহের কারণে এএসআই আবদুর রশিদ জয়পুরহাট রেলস্টেশন এলাকার সুইপার কলোনির কাছে নিলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর নীলসাগর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তাঁর স্ত্রী তাসমিন আরা বেগম স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করার পর গত শুক্রবার আবদুর রশিদকে জয়পুরহাট সদর থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছিল। অবশ্য গত আগস্ট মাসে জেলার সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে গতকাল রোববার তাঁকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করার কথা ছিল।আবদুর রশিদের ছোট ভাই আবদুর রউফ বলেন, ‘ভাই রাত একটা ১১ মিনিটে আমার মোবাইল ফোনে এসএমএস করেন। তাতে লেখা ছিল, ‘‘আমার সঙ্গে আর দেখা হবে না, আমার সন্তান, বাবা-মা ও তোর ভাবিকে দেখিস।”’জয়পুরহাট সদর থানার ওসি আবদুর রশিদ সরকার বলেন, এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা ও জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।