ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আসমা বেগম (৪৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ বুধবার দুপুরে আলতাফনগর স্টেশনের কাছে বনতেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আসমা বেগম আদমদীঘি উপজেলার কুন্দুগ্রাম মিতইল গ্রামের বাসিন্দা আবু তালেবের স্ত্রী। পরিবারের সদস্যরা বলেছেন, আসমা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, দিনাজপুর থেকে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি আলতাফনগর স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় আসমা ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তাঁর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পরপরই আসমার স্বামী ও পরিবারের লোকজন এসে তাঁকে শনাক্ত করেন। পরে রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
আসমার স্বামী আবু তালেব জানান, তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর মানসিক চিকিত্সা চলছিল। তিনি মাঝেমধ্যেই বাড়ি থেকে একা বের হয়ে যেতেন।
তবে রেলওয়ে পুলিশের এএসআই হামিদুল বলেন, নিহত নারীর পক্ষের লোকজন তাঁকে মানসিক রোগী বলে দাবি করেছেন। তবে তাঁরা এ ধরনের কাগজপত্র দেখালে লাশটি পরিবারের কাছে ফেরত দেওয়া হবে।