ট্রেনের নিচে নছিমন নববধূসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ইয়াসিনপুর বটতলার মোড় রেলগেটে ট্রেনের সঙ্গে নছিমনের (ভটভটি) সংঘর্ষে নববধূসহ একই পরিবারের তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, বিয়ের পরদিন নববধূ, স্বামীসহ পরিবারের নয়জন আত্মীয়স্বজন একটি নছিমনে চড়ে নাটোর সদর উপজেলার পাইকোরদল গ্রামে বরের বাড়ি থেকে বাগাতিপাড়ায় কনের বাড়ি যাচ্ছিলেন। পথে বটতলা মোড় রেলগেট। পার্বতীপুর থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ইয়াসিনপুর স্টেশন পার হয়ে যখন বটতলা মোড়ের রেলগেট এলাকায় আসে, তখন নছিমনটিও রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই নববধূ সাজেদা বেগম (১৯), তাঁর শাশুড়ি জুলেখা বেওয়া (৪৮) এবং দাদি সুন্দরী বেওয়া (৬২) মারা যান। আহত হন ছয়জন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইয়াসিনপুর রেলস্টেশনটি বর্তমানে বন্ধ আছে। পাশের নাটোর স্টেশনের মাস্টার অশোক চক্রবর্তী জানান, ওই রেলগেটে প্রতিবন্ধক নেই। কোনো পাহারাদারও ছিল না। ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন এক ঘণ্টা রেললাইন অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।