ট্রেনের নিচে পড়ে সৌদি প্রবাসীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর এলাকায় ট্রেনের নিচে পড়ে সুমন মিয়া (২৪) নামে এক সৌদি-প্রবাসী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দেশের পূর্বাঞ্চলের সঙ্গে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।আশুগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্র জানায়, নিহত সুমন মিয়া উপজেলার সোনারামপুর গ্রামের আবুল কাসেমের ছেলে। কিছুদিন আগে সৌদি আরব থেকে দেশে বেড়াতে আসেন সুমন। গতকাল ভোরে প্রাতর্ভ্রমণে তিনি যাত্রাপুর রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকাগামী তূর্ণা নিশিথা ট্রেনটি ওই লাইন দিয়ে আসছিল। ট্রেনটি কাছাকাছি আসার পরও সুমন রেললাইন থেকে সরে না যাওয়ায় চালক বিপদ বুঝতে পেরে দ্রুত ট্রেনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। গতি নিয়ন্ত্রণ করা গেলেও ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং সুমন ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল ইঞ্জিনটি সরিয়ে নেয়।আশুগঞ্জ রেলস্টেশনের মাস্টার আবদুল্লাহ ফারুক জানান, এ ঘটনায় সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস, ঢাকাগামী সিলেট মেইল, তিতাস কমিউটারসহ কয়েকটি লোকাল ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।