ট্রেনের নিচে মায়ের ঝাঁপ, বেঁচে গেল কোলের শিশু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর স্টেশনে গতকাল মঙ্গলবার সকালে এক গৃহবধূ (৩৫) শিশুসন্তানসহ ঝাঁপ দিয়ে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছেন। তবে বেঁচে গেছে তাঁর কোলের শিশুটি। আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে তিন বছরের পুত্রসন্তানকে নিয়ে ওই গৃহবধূ স্টেশনে অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ থেকে ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন চাটমোহর রেলস্টেশনে প্রবেশ করে। এ সময় হঠাৎ তিনি শিশুটিকে কোলে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে শিশুটি তাঁর কোল থেকে ছিটকে রেললাইনের পাশে পড়ে আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।