ট্রেনের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগ
রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের সিলেট-আখাউড়া সেকশনে চলাচলকারী ট্রেনের যাত্রী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন আনসার সদস্যের বিরুদ্ধে ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী যাত্রী মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেল থানায় লিখিত অভিযোগ করলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করেননি।শ্রীমঙ্গল সদর ইউনিয়নের বিরাইমপুর গ্রামের বাসিন্দা মো. আবদুল আজিজ জানান, ১৬ ডিসেম্বর তিনি স্ত্রী মোছাম্মৎ মোমেনা বেগমকে নিয়ে শ্রীমঙ্গল থেকে আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে আজমপুর যাচ্ছিলেন। ট্রেনটি হবিগঞ্জের শাহজীবাজারে পৌঁছার পর এক ছিনতাইকারী তাঁর স্ত্রীর গলা থেকে আচমকা সোনার হার ছিঁড়ে নিয়ে ট্রেন থেকে নেমে পড়ে। তাঁর অভিযোগ, ঘটনার সময় ট্রেনের ওই কামরায় থাকা নিরাপত্তাকর্মী আনসার সদস্য মো. সুরত মিয়া (আনসার নম্বর ২৩) ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিলেন। তিনি ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেননি; বরং তাকে গাড়ি থেকে নেমে পালিয়ে যেতে সাহায্য করেন।মোমেনা বেগম জানান, ঘটনার আগে শায়েস্তাগঞ্জ স্টেশনে ছিনতাইকারীর সঙ্গে আনসার সদস্য সুরত মিয়াকে গল্প করতে তিনি দেখেছেন। তাঁরা শায়েস্তাগঞ্জ স্টেশনে পান-সিগারেটও খেয়েছেন।শ্রীমঙ্গল রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ওবায়দুর রহমান মুঠোফোনে বলেন, ‘যাত্রীর অভিযোগ সত্য নয়। ঘটনার সময় আনসার সদস্য সুরত আলী পাশের বগিতে ছিলেন। ছিনতাই ঘটনার সঙ্গে সুরত আলী জড়িত না থাকায় অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়নি। ওই যাত্রীকে সুরত আলীর নাম বাদ দিয়ে অভিযোগ নিয়ে আসার জন্য বলা হয়েছে।’