ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে গতকাল বৃহস্পতিবার দুই দফায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে করে ঢাকা-চট্টগ্রামসহ সংশ্লিষ্ট চারটি রেলপথে প্রায় চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
ওই স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেন কসবা রেলওয়ে স্টেশনের তিন নম্বর লাইনে অবস্থান করছিল। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। পাঁচটি বগি দুই নম্বর লাইন পার হয়ে মূল লাইনে ওঠে। এরপর ছয় নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা ও নোয়াখালী-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দুইটার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনের সামনের পাঁচটি বগিকে বিচ্ছিন্ন করে ইঞ্জিনসহ সেটি মন্দভাগ রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর ট্রেন চলাচল শুরু হয়। তবে লাইনচ্যুত হওয়া বগিটিসহ ট্রেনটির অন্য বগিগুলো দুই ও তিন নম্বর লাইনে আটকে ছিল। বিকেল চারটার দিকে ওই বগিগুলো সরিয়ে নিয়ে যাচ্ছিল উদ্ধারকারী ট্রেন। তখন মূল লাইনে ওঠার পর শেষের বগিটি পুনরায় লাইনচ্যুত হয়ে যায়। এতে ওই রেলপথে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাতটার দিকে ওই বগিগুলো মন্দভাগ রেলস্টেশনে নেওয়া হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
কসবা রেলওয়ে স্টেশনের মাস্টার মো. লুৎফুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।