ট্রেনের বগি প্রত্যাহার ভোগান্তিতে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর-ঢাকা রেলপথের আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বগি প্রত্যাহার করা হয়েছে। এতে যাত্রীরা টিকিট না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছে। গত বৃহস্পতিবার বগিটি প্রত্যাহার করা হয়।
জামালপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, জামালপুর-ঢাকা রেলপথে ট্রেন তিস্তা এক্সপ্রেস প্রতিদিন ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি জামালপুরের উদ্দেশে ছেড়ে আসে। বেলা দুইটায় এটি জামালপুরের দেওয়ানগঞ্জ রেলস্টেশনে পৌঁছে। এখান থেকে আবার বেলা ২টা ৫০ মিনিটে ছেড়ে এটি রাত সাতটায় ঢাকা পৌঁছে। এই ট্রেনে জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, জামালপুর, নান্দিনা ও পিয়ারপুর স্টেশন থেকে প্রতিদিন রাজধানী ঢাকা ও ময়মনসিংহে গড়ে প্রায় তিন হাজার যাত্রী যাতায়াত করে। তিস্তা এক্সপ্রেসে আসন আছে ৭১০টি। এর মধ্যে ৫০ আসনবিশিষ্ট এসি বগিটি প্রত্যাহার করা হয়েছে।
গত শুক্রবার বেলা দুইটার দিকে স্টেশনে গেলে যাত্রীরা অভিযোগ করেন, সড়কপথে জামালপুর থেকে ঢাকা যাতায়াতের জন্য ভালো মানের বাস সার্ভিস না থাকায় জেলার অধিকাংশ মানুষ ট্রেনের ওপর নির্ভরশীল। ট্রেনে বরাদ্দ করা আসনের চেয়ে প্রায় তিন গুণ বেশি যাত্রী যাতায়াত করে। এর মধ্যে গত বৃহস্পতিবার একমাত্র এসি বগিটি প্রত্যাহার করায় আসন-সংকট প্রকট হয়েছে। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রেনে যাতায়াত করতে গিয়ে স্থানীয় লোকজন দুর্ভোগ পোহাচ্ছে।
তিস্তা এক্সপ্রেসের যাত্রী বিপুল আহেম্মদ বলেন, তিন দিন আগে তিনি এসি বগির ১৩ তারিখের (গত শুক্রবার) টিকিট কেনেন। কিন্তু ঢাকায় যাওয়ার জন্য স্টেশনে এসে শুনতে পান তাঁর বগিটি প্রত্যাহার করা হয়েছে। এতে তিনি সমস্যায় পড়েছেন।
এ বিষয়ে জামালপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ তারেক বলেন, ‘বগিটি সংস্কারের জন্য চট্টগ্রামের কারখানায় পাঠানো হয়েছে। তবে কবে বগিটি ট্রেনের সঙ্গে সংযুক্ত হবে তা আমি জানি না। যেসব যাত্রী অগ্রিম টিকিট
কিনেছেন তাঁদের অন্য সাধারণ বগিতে অনেক কষ্টে আসনের ব্যবস্থা করা হয়েছে।’