ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেলপথ ছয় ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আলীশ্বর রেলস্টেশনের কাছে গতকাল শনিবার জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই লাইনে প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় লাকসাম জংশন ও কুমিল্লা রেলস্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।লাকসাম রেলওয়ে সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে আলীশ্বর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে বরল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী জালালাবাদ এক্সপ্রেসের দুটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত বগি দুটি রেখে বেলা সোয়া একটার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।লাকসাম রেলওয়ে জংশনের লোকো ইনচার্জ উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ জানান, দুর্ঘটনার পর লাকসাম ও আখাউড়া রেলস্টেশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগি দুটি সরিয়ে ফেলে। সন্ধ্যা সাড়ে ছয়টায় লাইন মেরামত কাজ শেষ হওয়ার পর ওই লাইনে আবার ট্রেন চলাচল শুরু হয়। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বগি দুটির চাকার যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।লাকসাম রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. আবদুল মান্নান জানান, দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী কর্ণফুলী এক্সপ্রেস, মহানগর গোধূলী এক্সপ্রেস, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন লাকসাম জংশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর পূরবী এক্সপ্রেস, আখাউড়া থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী সমতট এক্সপ্রেস ট্রেন কুমিল্লা স্টেশনে আটকা পড়ে।পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক ইব্রাহিম খলিল প্রথম আলোকে জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করতে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) শহিদুল ইসলামকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।