ট্রেনের বগি লাইনচ্যুত, কয়েক হাজার যাত্রীর দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে আজ মঙ্গলবার দুপুরে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহসহ পূর্বাঞ্চলীয় জোনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার কার্যালয় সূত্র জানায়, কনটেইনার ট্রেনটি সকালে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ট্রেনটি ভৈরব স্টেশনে ঢুকছিল। জগন্নাথপুর এলাকায় রেললাইনের একটি পয়েন্ট অতিক্রম করার সময় বিকট শব্দে ট্রেনটির মাখখানের দুটি বগি লাইনচ্যুত হয়। চালক বুঝতে পেরে দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে অন্তত ৪০০ ফুট লাইন ক্ষতিগ্রস্ত হয়।

ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন গেছে। দুর্ঘটনার কারণে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস, কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস, নরসিংদীর দৌলতকান্দি স্টেশনে কর্ণফুলী মেইল, শ্রীনিদী স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। কখন রেললাইন ট্রেন চলাচলের উপযোগী হবে, নিশ্চিত করে বলতে পারেননি তিনি।