রাজবাড়ীর পাংশায় ট্রেনের বগি থেকে গত শনিবার এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন পটুয়াখালীর গলাচিপায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুরে শ্বাসরোধ করে এক ব্যক্তিকে এবং ফরিদপুরের নগরকান্দায় এলাকাবাসী এক ব্যক্তিকে গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যা করেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজবাড়ী: পাংশায় রেলস্টেশনে ট্রেনের একটি কামরা থেকে শনিবার বিকেলে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তাঁর নাম মর্জিনা আক্তার (২০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামের শুকুর আলী মণ্ডলের মেয়ে। রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ থেকে তাঁর এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
তাঁর আত্মীয় আবদুর রশিদ শেখ জানান, পাংশার বাসিন্দা মামুন নামের এক পুলিশ কনস্টেবলের সঙ্গে দুই বছর আগে মর্জিনার বিয়ে হয়। তিনি বাবার বাড়ি থেকে পড়ালেখা করতেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে মর্জিনার বাবা কাজে যাওয়ার সময় রেলস্টেশনে একটি লাশ উদ্ধার হওয়ার কথা জানতে পেরে সেখানে গিয়ে মর্জিনাকে শনাক্ত করেন। লাশ বগির বৈদ্যুতিক পাখার সঙ্গে দড়ি দিয়ে ঝোলানো ছিল। সম্ভবত দুর্বত্তরা তাঁকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে গেছে।
গলাচিপা (পটুয়াখালী): উপজেলার দোয়ানী গ্রামের বেল্লাল মালাকারসহ কয়েকজন তাঁর দ্বিতীয় স্ত্রী ছালমা বেগমকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছালমার বাবা মোতালেব সরদার অভিযোগ করেন, তাঁদের বাড়ি দশমিনা উপজেলার রামবল্লভপুর গ্রামে। বেল্লাল মালাকারের প্রথম স্ত্রী তিন সন্তান রেখে মারা যান। আট বছর আগে ছালমাকে বেল্লাল বিয়ে করেন। গত বছর কৃষিকাজ করার জন্য তাঁরা বেল্লালকে ৫০ হাজার টাকা ও তিনটি গরু দেন। ছালমার ভাই লাল চান সরদার অভিযোগ করেন, ঘর তোলার জন্য বেল্লাল আবার তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে গত শনিবার সন্ধ্যায় ঝগড়ার একপর্যায়ে বেল্লাল, তাঁর প্রথম স্ত্রীর সন্তান সজীব (২৩), শিলাসহ (১৮) কয়েকজন ছালমাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হলে ভোররাতে ছালমা মারা যান।
গোপালগঞ্জ: মুকসুদপুর উপজেলায় খোকন বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে উপজেলার ছোট তারাইল গ্রামের একটি কলাইখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খোকন বিশ্বাস একই গ্রামের মতিলাল বিশ্বাসে ছেলে।
ফরিদপুর: নগরকান্দার চরযশোরদী ইউনিয়নের একটি মাঠ থেকে পুলিশ গতকাল রোববার অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। নগরকান্দা থানার ওসি আফসার উদ্দিন জানান, শনিবার রাতে গরুচোর সন্দেহে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর লাশ মাঠে ফেলে রাখে।