ট্রেনের বগিতে বাতি নেই আতঙ্কে থাকে যাত্রীরা
প্রতিদিন জামালপুর হয়ে চারটি লোকাল ও দুটি মেইল ট্রেন চলাচল করে। এগুলোর গন্তব্যে পৌঁছাতে রাত হয়ে যায়। কিন্তু ছয়টি ট্রেনের কোনোটিতেই বাতির ব্যবস্থা নেই। এতে প্রায়ই চুরি ও পকেটমারের শিকার হয় যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, এ সমস্যার কারণে ট্রেনগুলোতে রাতের যাত্রী আগের চেয়ে কমে গেছে। নিরাপত্তাহীনতা ও দুর্ভোগের কারণে অনেক সময় খালি থাকে অনেক বগি।
জামালপুর স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বেলা ৩টা ২০ মিনিটে ছেড়ে আসে ৩৭ নম্বর মেইল, ঢাকা থেকে রাত নয়টায় তারাকান্দিগামী ৫৫ নম্বর ভাওয়াল এক্সপ্রেস ট্রেন, বিকেল পাঁচটায় দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২৫২ নম্বর, ময়মনসিংহ থেকে বিকেল সাড়ে পাঁচটায় ২৫৩ নম্বর লোকাল, সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে ময়মনসিংহগামী ৭৬ নম্বর ধলেশ্বরী ও বিকেল চারটায় ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী ২৫৫ নম্বর লোকাল ট্রেনটি ছেড়ে আসে। প্রায়ই এসব ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে দুই ঘণ্টা পরও স্টেশন ছাড়ে। রাতে এসব ট্রেন চললেও কোনোটিতেই আলোর ব্যবস্থা নেই।
জামালপুরের পিয়ারপুর এলাকার বাসিন্দা মো. আনছার আলী বলেন, বাতি না থাকায় বগিগুলো থাকে অন্ধকার। সেই সুযোগে বখাটে, চোর ও পকেটমারদের উৎপাত বেড়ে যায়। যাত্রীদের থাকতে হয় ভয়ের মধ্যে। তিনি জানান, মাস খানেক আগে পিয়ারপুর স্টেশন থেকে জামালপুরে যাওয়ার পথে তাঁর দাদির ব্যাগ চুরি হয়ে যায়। এ সময় শ্যামলী নামের অপর এক যাত্রীর মুঠোফোনও চুরি হয়।
জামালপুর শহরের বাসিন্দা আনোয়ারা বেগম জানান, দুই মাস আগে তিনি নাতনিকে নিয়ে সন্ধ্যার দিকে জামালপুর থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। পথে এক বখাটে অন্ধকারের মধ্যে তাঁর নাতনিকে লাঞ্ছিত করে।
জানতে চাইলে যাত্রীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জামালপুর স্টেশন মাস্টার মো. জহুরুল ইসলাম বলেন, বাতির ব্যবস্থা না থাকায় দুটি মেইল ও চারটি লোকাল ট্রেনের যাত্রী কমে গেছে। চট্টগ্রাম থেকে আসা ট্রেনের বগি তো থাকে যাত্রীশূন্য। এতে সরকার হারাচ্ছে রাজস্ব। তিনি বলেন, যেহেতু ট্রেনগুলো চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ থেকে ছেড়ে আসে, তাই মধ্যবর্তী জামালপুর স্টেশন থেকে বাতির ব্যাপারে কার্যকর কোনো ভূমিকা রাখার সুযোগ নেই।
যোগাযোগ করা হলে রেলওয়ে ময়মনসিংহের কেওয়াটখালী কার্যালয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. সিরাজুল ইসলাম বলেন, লোকাল ট্রেনগুলোতে সনাতন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এ পদ্ধতিতে ট্রেনের নিচে বেল্টের মাধ্যমে অলটারনেটর ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। কিন্তু প্রায় তিন বছর ধরে বেল্ট সরবরাহ না থাকায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। বেল্ট সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আর ঢাকা ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনগুলো সেখানকার কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সাত্তার বলেন, একদিকে অন্ধকার, অন্যদিকে লোকাল ট্রেনে এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার ব্যবস্থা না থাকায় যাত্রীদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া সম্ভব হয় না। এই সুযোগে বখাটেদের হাতে নারীরা লাঞ্ছিত হন। তবে চুরির বিষয়ে যাত্রীরা থানায় কোনো অভিযোগ দেয় না। স্বল্পসংখ্যক পুলিশ ও আনসার সদস্যদের রাতে চলাচলকারী ট্রেনে নিরাপত্তা নিশ্চিত করতে বেশ বেগ পেতে হয়।