ট্রেন ভাড়া ৭.৮% বাড়ানোর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের ভাড়া ৭ দশমিক ৮ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে রেলপথ মন্ত্রণালয়। এ-সংক্রান্ত প্রস্তাবটি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে। সরকারের অনুমোদন পেলে এ সিদ্ধান্ত আগামী মাসেই কার্যকর করতে চায় রেল মন্ত্রণালয়।

রেলমন্ত্রী মুজিবুল হক আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ট্রেনের ভাড়া বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন। রেল ভবনকে ওয়াই-ফাই সুবিধার আওতায় আনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রেল মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন পরে সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয় থেকে ৭ দশমিক ৮ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
আজকের অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, রেলের আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা ৭ দশমিক ২৩ শতাংশ ভাড়া বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠান। মন্ত্রণালয় যাচাইবাছাই শেষে হয়তো প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে থাকতে পারে। তিনি বলেন, যে প্রস্তাব তাঁরা মন্ত্রণালয়ে করেছেন, তাতে সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ১২৫ টাকা পর্যন্ত ভাড়া বাড়তে পারে।
ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের শোভন শ্রেণির ভাড়া ৩৯০ টাকা। আর এই ট্রেনের এসি বার্থের ভাড়া ১ হাজার ৫৯৯ টাকা। অর্থাৎ ভাড়া বৃদ্ধি কার্যকর হলে এই রুটে শোভন শ্রেণিতে ভাড়া বাড়বে ৩০ টাকা। আর সর্বোচ্চ ভাড়া বাড়বে ১২৫ টাকার। চট্টগ্রামগামী ট্রেনের ভাড়া ২০ থেকে ৯০ টাকা পর্যন্ত বাড়বে।
রেলের এক কর্মকর্তা বলেছেন, দূরপাল্লার যাত্রায় সর্বনিম্ন ২০ টাকা বাড়তে পারে। তবে কাছাকাছি দূরতে সর্বনিম্ন ৫ টাকা ভাড়া বাড়ানো হতে পারে।