
ট্রেনের নতুন ভাড়ার হার কার্যকর হচ্ছে আজ শনিবার থেকে। এর ফলে যাত্রী পরিবহনে গন্তব্যভেদে ভাড়া বাড়ছে ৭ থেকে ৯ শতাংশ। একই হারে বাড়ছে রেলপথে কনটেইনারে মালামাল পরিবহনের ভাড়াও। তবে সুযোগ-সুবিধা বাড়ার কোনো তথ্য জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ।
রেলে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় পাঁচ দিন আগে থেকে। ফলে অগ্রিম টিকিট ক্রেতারা পাঁচ দিন আগে থেকেই বর্ধিত ভাড়া দিয়ে টিকিট সংগ্রহ করছেন। আজ সব ধরনের ট্রেনের টিকিটই কিনতে হবে নতুন ভাড়া অনুসারে।
রেলসচিব ফিরোজ সালাহউদ্দিন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, শনিবার থেকে নতুন ভাড়া কার্যকর হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন স্টেশনে নতুন ভাড়ার তালিকা টানিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, গড়ে সাড়ে ৭ শতাংশ ভাড়া বাড়ছে। তবে কোনো কোনো পথে ভাড়া বাড়বে না। কিছু পথে বৃদ্ধির হার কম হবে। তিনি বলেন, ‘রেলের আয় ও ব্যয়ের মধ্যে বিশাল ব্যবধান রয়ে গেছে। আমরা রেলের আয় বৃদ্ধি এবং ব্যয় সংকোচন নীতি নিয়ে এগিয়ে যাচ্ছি।’ তিনি জানান, ভাড়া বাড়ানোর কারণে ঘাটতি পূরণ হবে ৪৮ কোটি টাকা। গত অর্থবছরে রেলের ঘাটতি ছিল সাড়ে ৮০০ কোটি টাকা।
এর আগে ২০ বছর পর ২০১২ সালের অক্টোবরে রেলের ভাড়া গন্তব্যভেদে ৫ থেকে ১১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। লোকসান কমানোর জন্য প্রতিবছর ভাড়া বাড়ানোর শর্ত দেয় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ঋণের শর্তের কারণে এখন থেকে বছরের শুরুর দিকে ট্রেনের ভাড়া বাড়ানো হবে। এ ক্ষেত্রে আগের অর্থবছরের তুলনায় শেষ হওয়া অর্থবছরে যে পরিমাণ ব্যয় বাড়বে, সে অনুপাতে ভাড়াও বাড়ানো হবে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।
তবে রেলের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এক যুগ ধরে রেলে কোনো নতুন বগি যুক্ত হয়নি। পুরোনো অনেক বগির আসন ছেঁড়া, ভাঙা। ছারপোকার কামড়ের অভিযোগ যাত্রীদের। এ অবস্থায় ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কোনোভাবেই যুক্তিযুক্ত না। বরং নতুন কোচ সংযোজন করে এবং ট্রেন চলাচলের সময়সূচি শৃঙ্খলায় এনে ভাড়া বাড়ালে যাত্রীরাও হয়তো মেনে নিতেন।
রেলের এই ভাড়া বাড়ানোর প্রতিবাদে কর্মসূচি পালন করছে যাত্রী কল্যাণ সমিতিসহ একাধিক যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠন। যাত্রী কল্যাণ সমিতি গত বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম পথের সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া নিয়ে একটি জরিপ প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়, ট্রেনের ৩০০ যাত্রীর ৮৫ শতাংশ মনে করেন রেলের ভাড়া বৃদ্ধি অযৌক্তিক। কারণ, যাত্রীসেবার মান বৃদ্ধির অঙ্গীকার বাস্তবায়ন হয়নি, যাত্রীদের জন্য কোনো সুবিধাও বাড়ানো হয়নি। আর ১৫ শতাংশ যাত্রী মনে করেন, বর্তমান জীবনযাত্রার সঙ্গে সংগতি রেখে ভাড়া বাড়ানো উচিত। ট্রেনে ছারপোকা, তেলাপোকা, অপরিচ্ছন্ন, টিকিটবিহীন যাত্রী পরিবহন, ভাঙা আসন, সার্বিক নিরাপত্তাব্যবস্থার ঘাটতির কথা জানান যাত্রীরা।
এই সমীক্ষায় এসেছে, রেলস্টেশনের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে সন্তুষ্ট নন ৭২ শতাংশ যাত্রী। আর ২৬ শতাংশ যাত্রী মনে করেন, রেলের যাত্রীসেবার মান সন্তোষজনক। ২ শতাংশ যাত্রী এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। ৭০ শতাংশ যাত্রী নিয়মিত কালোবাজারির কাছ থেকে টিকিট কিনে ভ্রমণ করতে বাধ্য হন বলে জানিয়েছেন। ২৭ শতাংশ জানিয়েছেন, তাঁরা কাউন্টার থেকে নিয়মিত টিকিট পান। আর ৩ শতাংশ যাত্রী ঊর্ধ্বতন রেল কর্মকর্তা-কর্মচারী, রেল পুলিশ, আমলা, এমপি-মন্ত্রীর তদবিরের মাধ্যমে টিকিট পেয়ে থাকেন।
এই বিষয়ে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়ম কমিয়ে রেলের লোকসান কমানো সম্ভব। কিন্তু কর্তৃপক্ষ সেদিকে না গিয়ে যাত্রীদের ওপর বাড়তি ভাড়া চাপিয়ে দিচ্ছে। অথচ সেবার কোনো উন্নয়ন হচ্ছে না।
রেলপথ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, দাতাদের পরামর্শে ভাড়া সামান্য বাড়ানো হচ্ছে। তিনি বলেন, দাতারা রেলের অবকাঠামোগত উন্নয়নের জন্য ঋণ দিচ্ছে। এতে দেশের রেলের চেহারা পাল্টে যাচ্ছে।