ফরিদপুরগামী ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর রেলস্টেশনে যাত্রাবিরতির দাবিতে গতকাল রোববার সকালে কয়েক হাজার লোক বিক্ষোভ করেন।
রাজবাড়ী থেকে ছেড়ে ফরিদপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে আটটার দিকে খানখানাপুর রেলস্টেশনে পৌঁছায়। এর আগে থেকে কয়েক হাজার লোক ওই স্টেশনে বিক্ষোভ করতে থাকেন। স্টেশনে ট্রেন থামানো বাস্তবায়ন কমিটির ব্যানারে বিক্ষোভকারীদের কেউ রেললাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে রাখেন, কেউ শুয়ে পড়েন। স্টেশন চত্বরে বক্তব্য দেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও খানখানাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম, সদস্যসচিব ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিমদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক আমির হোসেন মোল্যা প্রমুখ।
ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বলেন, দেশ স্বাধীন হওয়ার পর রাজবাড়ী-ফরিদপুর লাইনে ট্রেন চলছিল। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর এই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর আবার ট্রেন চালু হয়। খানখানাপুর রাজবাড়ীর বাণিজ্যকেন্দ্র হিসেবে প্রসিদ্ধ। এখানে প্রতিদিন শত শত লোক আসা-যাওয়া করেন। কিন্তু এখানে ট্রেনটির যাত্রাবিরতি দেওয়া হয় না। দুই বছর ধরে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলীর মাধ্যমে রেল মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সমন্বয় সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। সভায় আশ্বাস দেওয়া হয়, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই ট্রেন থামানো শুরু হবে। কিন্তু দুঃখের বিষয়, গত শনিবার প্রথম সপ্তাহ চলে গেছে। এ কারণে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে হচ্ছে।
ফরিদপুর এক্সপ্রেসের পরিচালক তৌফিকুর রহমান বলেন, সকাল সোয়া আটটার দিকে পাঁচটি যাত্রীবাহী বগি নিয়ে ট্রেনটি ফরিদপুরের উদ্দেশে যাত্রা করে। সাড়ে আটটার দিকে খানখানাপুর স্টেশনে পৌঁছালে স্থানীয় শত শত লোক রেললাইনের ওপর দাঁড়িয়ে হাতে লাল কাপড় নিয়ে থামানোর সংকেত দেন। পরে থামাতে হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নুরমহল আশরাফী সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিক্ষোভকারীদের দাবির সঙ্গে একমত পোষণ করে এক মাস সময় চান। ৮ ফেব্রুয়ারির মধ্যে জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ ও যথাযথ নিয়ম অনুসরণ করে খানখানাপুর স্টেশনে ট্রেন থামানোর ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। পরে অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়। ৯টা ৩৫ মিনিটে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।