ট্রেনের শিডিউল বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনে গতকাল সোমবার একটি কনটেইনারবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যা সাতটার দিকে ওই রেলস্টেশনের শাখা লাইনের মেরামত শেষ হলে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। এ দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটের সব কয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল সোয়া আটটার দিকে ওই ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ভৈরব স্টেশনে একাধিক আন্তনগর ও মেইল ট্রেন আটকে পড়ায় অসহনীয় দুর্ভোগে পড়তে হয় ট্রেন যাত্রীদের। পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ও কুমিল্লা থেকে উদ্ধারকর্মীরা বেলা ১১টার দিকে এসে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার তদন্তে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম) জাকির হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
জাকির হোসেন জানান, এখনই দুর্ঘটনার কারণ বলা যাচ্ছে না। প্রায় ১০০ মিটার রেললাইন, কাঠ ও কংক্রিটের স্লিপার দুমড়ে-মুচড়ে আছে।
দুর্ঘটনার জন্য চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর সুবর্ণ ও মহানগর প্রভাতী ট্রেন দুটি কুমিল্লায়, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া স্টেশনে আটকা পড়ে। এ ছাড়া এ পথে চলাচলকারী যেসব ট্রেন সোমবার সকালে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রেলস্টেশন ছেড়ে যায়, এর সবগুলোই কোনো এক স্টেশনে আটকে পড়ে।