ট্রেনের শিডিউলেও মারাত্মক বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কমলাপুরে ট্রেনের শিডিউলে মারাত্মক বিপর্যয় দেখা দিলেও কোনো ট্রেন এলেই ঈদে ঘরমুখী যাত্রীরা দুর্ভোগ স্বীকার করেই এভাবে ট্রেনে উঠতে ব্যস্ত। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর কমলাপুরে ট্রেনের শিডিউলে মারাত্মক বিপর্যয় দেখা দিলেও কোনো ট্রেন এলেই ঈদে ঘরমুখী যাত্রীরা দুর্ভোগ স্বীকার করেই এভাবে ট্রেনে উঠতে ব্যস্ত। ছবি: ফোকাস বাংলা

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের শিডিউলে আজ শনিবার মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। এতে ঈদে ঘরমুখী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে রেলমন্ত্রী মুজিবুল হক স্টেশনে আসার পরই একটি ট্রেন সময়মতো ছেড়ে গেছে।

কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা ছিল সকাল ১০টার দিকে। তবে ট্রেনটি ছেড়েছে বেলা আড়াইটার দিকে। রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা ছিল সকাল নয়টার দিকে। সাড়ে পাঁচ ঘণ্টা পর ওই ট্রেনের যাত্রীদের বিকল্প ট্রেনে করে রংপুরে পাঠানো হয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত ট্রেনটি রাজধানীতে এসে পৌঁছায়নি।

এদিকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ছাড়ার কথা বেলা ১১টার দিকে। ট্রেনটি ছেড়েছে বেলা দেড়টার দিকে। চট্টগ্রামগামী আরও একটি ট্রেন মহানগর গোধূলি কমলাপুর স্টেশনে বেলা দুইটা ৫০ মিনিটে এসে পৌঁছানোর কথা ছিল। তবে রেলওয়ের তথ্য কেন্দ্রে টাঙানো কাগজ ও মনিটর বলছে, ট্রেনটি আনুমানিক রাত ১০টার দিকে স্টেশনে এসে পৌঁছাতে পারে। ওই সময় এসে পৌঁছালে ছাড়বে তার আরও এক ঘণ্টা পর অর্থাৎ রাত ১১টার দিকে।

চট্টগ্রামগামী মহানগর গোধূলির যাত্রী রায়হান বলেন, ট্রেন কয়টায় ছাড়বে, সেটা জানানোর মত কোনো লোক নেই অনুসন্ধান কেন্দ্রে। একটা কাগজে লিখে চলে গেছে, ট্রেন ছয় ঘণ্টা লেট। তা-ও ওই সময় আসবে কি না, ঠিক নেই।

তথ্য অনুসন্ধান কেন্দ্রে গিয়ে দেখা যায়, একটি কাগজে রেলওয়ে কর্তৃপক্ষের নামে সই দিয়ে সময়সূচি লিখে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে কেউ উপস্থিত নেই। এ ছাড়া সময়সূচির মনিটরগুলোতে ট্রেন ছাড়ার ও এসে পৌঁছানোর সময় দেখাচ্ছে।

বেলা পৌনে তিনটার দিকে রেলমন্ত্রী মুজিবুল হক কমলাপুর স্টেশনে আসেন। তিনি আসার পরই কেবল চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সময়মতো (বেলা তিনটায়) স্টেশন ছেড়ে যায়। এটি আজকের দিনের একমাত্র সময়মতো ছেড়ে যাওয়া ট্রেন।

সাংবাদিকেরা মন্ত্রীকে শিডিউল বিপর্যয়ের বিষয়ে প্রশ্ন করলে মুজিবুল হক বলেন, ‘এটা অনিচ্ছাকৃত। সব ট্রেন শিডিউল মিস করে, এটা ঠিক না। উপচে পড়া ভিড়, সীমিত সম্পদ আর নারী, শিশু, পরিবারের সদস্য নিয়ে ট্রেনে ওঠায় সময় একটু বেশি লাগছে। এজন্য সব স্টেশনেই ট্রেন একটু বেশি সময় থামতে হচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’