ট্রেনের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষ, তিন পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আহত হয়েছেন আরও সাতজন পুলিশ সদস্য। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার উত্তরা আবাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওসি ইসমাইল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের পুলিশের একটি দল আসামি ধরতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দিকে যাচ্ছিল। উত্তরা আবাসন এলাকা দিয়ে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি পুলিশের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং রেললাইনের পাশে ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান কনস্টেবল মো. শামসুদ্দিন (৩৫)। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত নয়জনকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর শহরের ১০০ শয্যার সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে গুরুতর ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে মাইদুল ইসলাম (২২) নামের আরেক কনস্টেবল মারা যান।
সৈয়দপুর রেলওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, ওই এলাকায় রেলগেট না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সৈয়দপুর ১০০ শয্যার সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুর রহিম জানান, আহত সবার অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি হওয়া বাকি তিনজনকেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।