প্রাইভেট কারে মৈত্রী ট্রেনের ধাক্কায় নিহত ৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথানের নয়ানগর এলাকায় রেলক্রসিংয়ে ভারতের কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারে থাকা পাঁচজন নিহত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ রোববার সকাল সোয়া নয়টার দিকের এই দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। নিহত আরেকজন প্রাইভেট কারের চালক। তাঁরা হলেন, গোয়ালবাথান গ্রামের নুশরাত জাহান লাকী আক্তার, তাঁর মেয়ে রুবাইদা নুশরাত (৬), জা সোনিয়া আক্তার (৩০), তাঁর ছেলে তালহা (১২) ও প্রাইভেট কারের চালক মিনহাজ মিয়া (৪৫)।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মো. শহীদুল ইসলামের ভাষ্য, দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাস্থলের আশপাশের স্টেশনগুলোতে সিরাজগঞ্জ, চাঁপাই, ধূমকেতু, নীলসাগর ও সুন্দরবন এক্সপ্রেস যাত্রাবিরতি করছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৈত্রী এক্সপ্রেসের নিরাপত্তা ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাস রানার ভাষ্য, সকাল সোয়া আটটার দিকে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনটি কলকাতার উদ্দেশে ছাড়ে। দুর্ঘটনার পর প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ।
মৈত্রী এক্সপ্রেস ট্রেনের পরীক্ষক ইউসুফ সিকদারের ভাষ্য, একটি ইঞ্জিন এনে লাইনচ্যুত হওয়া ট্রেনের বগির পেছনের অন্য বগিগুলো মৌচাক রেলস্টেশনে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি ও ইঞ্জিন উদ্ধারের চেষ্টা চলছে।