ট্রেনের সময়সূচি পুনর্বহালের দাবিতে রেলপথ অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনের আগের সময়সূচি পুনর্বহালের দাবিতে গত শনিবার কুড়িগ্রামের উলিপুরে বিক্ষুব্ধ যাত্রী ও এলাকাবাসী তিস্তা-রমনা রেলপথ অবরোধ করেন।
বিক্ষুব্ধ যাত্রী ও এলাকাবাসীর অভিযোগ, কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে রোজার শুরু থেকে তিস্তা-রমনা রেলপথে ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়। নতুন সময়সূচি অনুযায়ী ট্রেনে করে তাঁদের গন্তব্যে যাতায়াত আগের চেয়ে অনেক বেশি কষ্টকর হয়ে পড়েছে।
উলিপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, তিস্তা-রমনা রেলপথে পার্বতীপুর ও লালমনিরহাট থেকে চারটি ট্রেন নিয়মিত উলিপুর ও রমনা স্টেশনে আসা-যাওয়া করত। রোজার শুরুতে হঠাৎ করে ট্রেন চারটির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
উলিপুরের স্টেশনমাস্টার আবদুল কাদের জানান, আগের সময়সূচি বহালের দাবিতে বিক্ষুব্ধ ট্রেনযাত্রী ও এলাকাবাসী গত শনিবার রেলপথ অবরোধ করেন।