ট্রেনের সময়সূচি পুনর্বহাল, ময়মনসিংহে আনন্দ মিছিল
জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়ার সময়সূচি পুনর্বহাল করা হয়েছে। এ খবর শোনার পর গতকাল বুধবার ময়মনসিংহ শহরের বাসিন্দারা শহরে আনন্দ মিছিল করেছে। ময়মনসিংহ উন্নয়ন পরিষদসহ শহরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে গতকাল থেকে ওই সময়সূচি পুনর্বহাল করা হয়। বিকেলে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে কৃষ্ণচূড়া চত্বরে এক সমাবেশে আন্দোলনকারীরা এ সিদ্ধান্তের জন্য রেল কর্তৃপক্ষ ও যোগাযোগ মন্ত্রণালয়কে অভিনন্দন জানান। সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পৌর মেয়র ইকরামূল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান খান, ময়মনসিংহ উন্নয়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক সাদিক হোসেন, সদস্যসচিব ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামূল আলম প্রমুখ।ময়মনসিংহ স্টেশনের সুপার আবুল কালাম আজাদ বলেন, গত মঙ্গলবার রাত ১১টায় রেল বিভাগের এক বার্তায় জানানো হয়, ভোর সাড়ে পাঁচটার পরিবর্তে আগের সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে আটটা থেকে ওই ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ৮ জুলাই ওই ট্রেনের সময়সূচি পরিবর্তন করায় ময়মনসিংহ উন্নয়ন পরিষদ শহরবাসীকে নিয়ে ওই দিনই সকালে ময়মনসিংহ স্টেশনে ব্রহ্মপুত্র ট্রেনটি অবরোধ করে।