ট্রেনের সময়সূচি বিপর্যয় যাত্রীদের ভোগান্তি
দিনাজপুর ও নীলফামারী থেকে ঢাকাগামী তিনটি আন্তনগর এক্সপ্রেস একতা, দ্রুতযান ও নীলসাগর ট্রেনের সময়সূচি বিপর্যয়ের ফলে যাত্রীদের ভোগান্তি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই তিনটি ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে আট থেকে ১০ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছায়। জানা গেছে, চলতি মাসের শুরু থেকে ওই তিনটি ট্রেন অনেক দেরিতে গন্তব্যে আসছে। তীব্র শীতে রাতে ট্রেন ধরতে আসা যাত্রীদের দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষায় থাকতে হচ্ছে। কাঙ্ক্ষিত ট্রেন কখন পৌঁছাবে তার সঠিক খবর জানতে না পেরে যাত্রীদের অনেকেই বিভিন্ন স্টেশনে নিদ্রাহীন রাত কাটাতে বাধ্য হন। আবার কেউ ট্রেনের টিকিট কেটে নির্ধারিত সময়ে ট্রেন না আসায় বাসে চড়ে গন্তব্যে যাচ্ছেন। আক্কেলপুর স্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি এই স্টেশনে শনিবার রাত ১২টা ১৬ মিনিটে পৌঁছার কথা ছিল। কিন্তু ট্রেনটি পরদিন রোববার সকাল ১০টা ৩৫ মিনিটে পৌঁছায়। একইভাবে নীলফামারী থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি শনিবার রাত একটা ২০ মিনিটে পৌঁছার কথা থাকলেও পরদিন রোববার সকাল ১০টা ১০ মিনিটে পৌঁছায়। আর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে রোববার বেলা ১১টা ১৫ মিনিটে আক্কেলপুর স্টেশনে পৌঁছার কথা। কিন্তু ট্রেনটি ঢাকা থেকেই রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ স্টেশনে পৌঁছায়নি।রোববার সকাল নয়টায় আক্কেলপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী একতা ও নীলসাগর ট্রেন ধরার জন্য অর্ধশতাধিক যাত্রী স্টেশনে অপেক্ষা করছেন। বদলগাছীর ভান্ডারপুর গ্রামের ট্রেনযাত্রী খলিলুর রহমান জানান, ঢাকাগামী একতা ও নীলসাগর এক্সপ্রেস ট্রেন ধরার জন্য শনিবার রাতে দেড় শতাধিক যাত্রী স্টেশনে এসেছিলেন। রাতে অনেকেই স্টেশনে পৌঁছে জানতে পারেন, ওই দুটি ট্রেন এখনো ঢাকা থেকেই ফেরেনি। ফলে রাতেই কিছু যাত্রী বাড়ি ফিরে যান, আবার কয়েকজন বাসে চড়ে গন্তব্যের দিকে রওনা হন। আর তিনি ছোট্ট শিশু নিয়ে অপেক্ষায় সারা রাত বিনিদ্রায় কাটিয়েছেন। আক্কেলপুর স্টেশন উন্নয়ন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, এখন ঢাকাগামী একটি ট্রেনও সঠিক সময় যাতায়াত করছে না।আক্কেলপুর স্টেশনমাস্টার (গ্রেড-১) আবদুর রাজ্জাক বলেন, ‘শনিবার রাত ১২টার ট্রেন পরদিন সকাল ১০টায় এসেছে। ট্রেন যাচ্ছে দেরিতে আসছেও দেরিতে। আমি মাঝপথে আছি। কী কারণে এমনটা হচ্ছে তা বলতে পারছি না।’ নীলফামারীর স্টেশনমাস্টার কাশেম আলী বলেন, ‘ঢাকা থেকে ট্রেন দেরিতে আসাতেই এখানে সাত থেকে আট ঘণ্টা দেরি হচ্ছে। তবে কী কারণে দেরি হচ্ছে তা জানি না।’ দিনাজপুর রেল স্টেশনের স্টেশনমাস্টার মো. ফখরুল ইসলাম বলেন, দিনাজপুর থেকে ঢাকা যেতে রাতে ‘একতা’ এবং সকালে আন্তনগর ‘দ্রুতযান’ ট্রেন দুটি চলাচল করে। ট্রেন রেল লাইনের জীর্ণ দশা, ইঞ্জিন ও বগির স্বল্পতা, লোকবলের অভাব, কুয়াশা ইত্যাদি নানা কারণে ট্রেনের সময়সূচী ঠিক থাকে না।