ট্রেনের ‘শিডিউল বিপর্যয়’, বাসে অতিরিক্ত ভাড়া
টাঙ্গাইল রেলস্টেশনে গিয়ে ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পেরে গতকাল শনিবার শত শত যাত্রীকে দুর্ভোগে পড়তে হয়েছে। অনেককে সারা দিন স্টেশনে কাটাতে হয়েছে। এদিকে, অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে বাসের যাত্রীরাও পড়েছে বিপাকে। টাঙ্গাইল শহরের বাসিন্দা মির্জা রেজাউল করিম বেলা ১১টায় রেলস্টেশনে আসেন। উদ্দেশ্য, সোয়া ১১টার সিল্কসিটি ট্রেনে ঢাকায় যাবেন। প্রায় আড়াই ঘণ্টা বিলম্বে দুপুর পৌনে দুইটায় ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে আসে। কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে তিনি ট্রেনে উঠতে পারেননি। বিকেল চারটার দিকে স্টেশনে আলাপকালে রেজাউল করিম বলেন, ‘বাসে যেতে যানজটে আটকে দুর্ভোগ, ট্রেনে যেতে ভিড়। আমাদের দুর্ভোগের আর সীমা নেই।’টাঙ্গাইল স্টেশন সূত্র জানায়, প্রতিটি ট্রেনের ‘টাইম শিডিউল’ ভেঙে পড়েছে। গতকাল শনিবার ভোর পাঁচটার একতা এক্সপ্রেস তিন ঘণ্টা বিলম্বে, নীল সাগর এক্সপ্রেস সাড়ে তিন ঘণ্টা, রাজশাহী এক্সপ্রেস তিন ঘণ্টা ও সিল্কসিটি এক্সপ্রেস আড়াই ঘণ্টা বিলম্বে ঢাকার দিকে গেছে। বিকেলের পরের ট্রেনগুলোও কমপক্ষে তিন ঘণ্টা বিলম্বে ঢাকার দিকে যাবে বলে স্টেশন মাস্টার জানান। বিকেলে স্টেশনে গিয়ে অনেক যাত্রীকে টিকিট করেও ট্রেনে উঠতে না পেরে ফিরে যেতে দেখা গেছে। শহরের আকুরটাকুর পাড়ার সোহেল খন্দকার জানান, প্রচণ্ড ভিড়ের কারণে অনেক চেষ্টা করেও ট্রেনে উঠতে পারেননি।