বড় ভাই প্রতিদিন সকালে খবরের কাগজ বিক্রি করেন। তাই ঘুম থেকে উঠেই বেশ কয়েকটি সংবাদপত্র পড়ার সুযোগ হয় সিফাত আহমেদের। গত ক্রিকেট বিশ্বকাপ চলার সময় ক্রীড়ামোদী সিফাত প্রথম আলোটাই বেশি পড়েছেন। রাশি রাশি তাজা, বিষয়বৈচিত্র্যে সমৃদ্ধ খবর পড়ার সেই আনন্দ ছাড়াও বাড়তি প্রাপ্তি হিসেবে এবার আস্ত একটা গাড়ি পেয়ে গেলেন তিনি।হ্যাঁ, গ্রামীণফোন-প্রথম আলো বিশ্বকাপ কুইজের প্রথম পুরস্কার জিতেছেন সিফাত আহমেদই। এ পুরস্কার হচ্ছে একটি টয়োটা অ্যালিয়ন গাড়ি। এটি তিনটি মেগা পুরস্কারের প্রথমটি। গতকাল বৃহস্পতিবার সিফাতের হাতে গাড়ির চাবি তুলে দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খান।পুরান ঢাকার তাঁতীবাজারের ছেলে সিফাত পুরস্কার পাওয়ায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘গাড়ি পেয়ে খুব ভালো লাগছে। পরিবারের সবাই মিলে এই আনন্দ ভাগ করে নেব।’গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণফোন-প্রথম আলো বিশ্বকাপ কুইজের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কুইজে অংশ নিয়ে মেগা পুরস্কার পেয়েছেন আরও দুজন। দ্বিতীয় হয়ে মোটরসাইকেল জিতেছেন ঢাকার শেখেরটেকের মো. সোহেল শিকদার। তৃতীয় পুরস্কার এলসিডি টেলিভিশন পেয়েছেন যাত্রাবাড়ীর পারুল আক্তার।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, গ্রামীণফোনের কমিউনিকেশন বিভাগের প্রধান কাজী মনিরুল কবির, জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খান, ক্রিকেটার তুষার ইমরান ও প্রথম আলোর উপ-ক্রীড়া সম্পাদক পবিত্র কুন্ডু।এ সময় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, নানা সমস্যা থাকার পরও দেশ এগিয়ে যাচ্ছে। খেলাধুলাতেও সাফল্য আসছে। তিনি সবাইকে দেশের ভালোর জন্য কাজ করার অনুরোধ করেন।গ্রামীণফোনের কর্মকর্তা কাজী মনিরুল কবির বলেন, ‘ক্রিকেটই একমাত্র শক্তি, যা সব বিভক্তি দূর করে দেশকে এক করতে পারে। বাংলাদেশের ক্রিকেটের সুসময় ও দুঃসময়ে সঙ্গে থাকতে পেরে গ্রামীণফোন গর্বিত।’আতহার আলী খান বলেন, বিশ্বের কাছে বাংলাদেশকে নতুন করে চিনিয়েছে এ দেশের ক্রিকেট।সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপ নিয়ে গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে ১৮টি কুইজের আয়োজন করে প্রথম আলো। চার পর্বের এই কুইজে ২০ লাখেরও বেশি কুপন জমা পড়ে। লটারির মাধ্যমে প্রতি পর্বে ১৩ জন করে মোট ৫২ জন বিজয়ী নির্ধারিত হন। প্রতি পর্বে বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার ট্যাবলেট কম্পিউটার, তৃতীয় পুরস্কার দুজনের সুন্দরবন ভ্রমণের প্যাকেজ, চতুর্থ পুরস্কার আইপড, পঞ্চম পুরস্কার ডিজিটাল ক্যামেরা, ষষ্ঠ পুরস্কার ডিজিটাল ছবির ফ্রেম এবং সপ্তম পুরস্কার হিসেবে মোবাইল ফোনসেট দেওয়া হয়।প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সাইদুজ্জামান রওশন। ইবরার টিপুর বিশ্বকাপের সূচনা সংগীত ‘ও পৃথিবী’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান।