ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব উৎসব উদ্যাপন
প্রার্থনা, ধর্মগ্রন্থ পাঠ, গঙ্গাস্নানসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বুধবার পাবনায় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১২৮তম শুভ আবির্ভাব মহা-মহোৎসব পালিত হয়েছে।
ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিষ্ঠিত সৎসঙ্গ বাংলাদেশ এ উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত অনুসারী অংশ নেন।
আয়োজক সূত্র জানায়, ভোরে ঠাকুরের জন্মস্থান পাবনার হিমাইতপুরে বিশ্ববিজ্ঞান কেন্দ্র আঙিনায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রপৌত্র শ্রীঅনিন্দ্যদ্যুতি চক্রবর্তীর উপস্থিতিতে ঠাকুরের শুভ জন্মলগ্ন ঘোষণা করেন। এরপর দ্বিতীয় দফা সমবেত প্রার্থনার পর পার্শ্ববর্তী পদ্মা নদীর সম্বলপুর ঘাটে গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় জেলা শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মাতৃ সম্মেলন। পরে শহরের আনন্দ বাজার আশ্রমে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় মুক্তমঞ্চ প্রাঙ্গণে দ্বিতীয় দফা আলোচনা ও ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।