পাবনা সদর উপজেলার হিমাইতপুর গ্রামে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। গত বৃহস্পতিবার সিসি ক্যামেরা স্থাপন শুরু হয়।
গত ১০ জুন প্রাতর্ভ্রমণে বের হলে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকে সেবায়েত নিত্যরঞ্জনকে (৬২) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ বৃহস্পতিবার সকালে বলেন, হত্যাকাণ্ডের পর থেকে আশ্রমের প্রতিটি বাসিন্দা ভীত হয়ে পড়েছেন। ভয় কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। বিশাল আশ্রম এলাকার নজরদারির জন্য এসব সিসি ক্যামেরা বসানো হচ্ছে। প্রথম ধাপে অন্তত ২৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
আশ্রমের প্রধান পুরোহিত আনন্দ দুলাল গাঙ্গুলি বলেন, ‘যেহেতু হত্যাজনিত ব্যাপার, সেহেতু আমরা মানসিক দিক দিয়ে কিছুটা নিরাপত্তার অভাববোধ তো করছিই। তারপরও আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভরসা রেখেই দিন কাটাচ্ছি।’ তিনি আরও বলেন, সেবায়েত খুনের ঘটনার দিন থেকে আশ্রমে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। এরপরও ভক্ত অনুরাগীদের আসা-যাওয়া স্বাভাবিক হয়নি। অনেক কমে গেছে।
আশ্রমের সেবায়েত সেফালী সিংহ রায় বলেন, ‘সেবায়েত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়া না হলে এই আতঙ্ক কাটবে না। তাই আমরা অবিলম্বে এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানাই।’